স্থানীয় নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বাতিল

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত বৈঠক বাতিল করা হয়েছে। আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) এ বৈঠক হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ইসির উপসচিব মোহাম্মদ মনিরের স্বাক্ষরিত এক চিঠিতে বৈঠক বাতিলের বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ঠাকুরগাঁও-১ আসনের শূন্য আসনের নির্বাচন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সাধারণ নির্বাচন নিয়ে বৃহস্পতিবার বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ায় একই বিষয়ে পুনরায় আলোচনার প্রয়োজন নেই। এ কারণে ২১ সেপ্টেম্বরের আইনশৃঙ্খলা বিষয়ক সভাটি বাতিল করা হয়েছে।

এর আগে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকটি ১৬ সেপ্টেম্বর আয়োজনের জন্য সময় নির্ধারণ করা হয়েছিল। পরে তা পরিবর্তন করে ২১ সেপ্টেম্বর করা হয়। আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সেটিও বাতিল করল ইসি।

চিঠিটি জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, স্থানীয় সরকার মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিবি, কোস্টগার্ড, আনসার-ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, র‌্যাব এবং পুলিশের এসবি, ডিবি ও সিআইডিসহ সংশ্লিষ্ট সংস্থার কাছে পাঠানো হয়েছে।

এদিকে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর। এই উপনির্বাচনের ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর।