শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, প্রতিক্রিয়ায় যা বলল ভারত

বাংলাদেশের সঙ্গে বিগত শেখ হাসিনা সরকারের সময়ে স্বাক্ষরিত ১০১টি দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) পর্যালোচনার খবর নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত।

নয়াদিল্লি জানিয়েছে, ঘটনাপ্রবাহ তারা নজরদারিতে রাখছে এবং নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

সংবাদ সংস্থা এএনআইয়ের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল জানান, ভারতীয় সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে খবর প্রকাশিত হলেও ঢাকার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। প্রতিবেদনগুলো ভারতের নজরে এসেছে এবং উদ্ভূত পরিস্থিতিতে দেশের স্বার্থ সুরক্ষায় যা করা প্রয়োজন, ভারত তা-ই করবে।

এর আগে গত ১১ সেপ্টেম্বর জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করা হচ্ছে। পর্যালোচনার পূর্ণাঙ্গ ফলাফল শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

একই ব্রিফিংয়ে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হওয়া প্রসঙ্গেও কথা বলেন ভারতের পররাষ্ট্র মুখপাত্র। চুক্তির নবায়ন সম্পর্কিত আলোচনার অগ্রগতি জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন,পানিবণ্টন ও নদী সংক্রান্ত যেকোনো বিষয়ের জন্য দুই দেশের যৌথ নদী কমিশন (জেআরসি) রয়েছে। দুই দেশের কারিগরি পর্যায়ের ধারাবাহিক বৈঠকগুলো এখনো অব্যাহত রয়েছে।