স্থানীয় নির্বাচনে থাকছে না পোস্টার

নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পাঁচ স্তরে নির্বাচন করতে আচরণবিধিতে ব্যাপক পরিবর্তন এনে খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তা ভ্যাটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। পরিবর্তিত আচরণবিধি অনুযায়ী, বিগত সংসদ নির্বাচনের মতো পোস্টার থাকবে না স্থানীয় সরকার নির্বাচনে। তবে ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল আর বিলবোর্ড কী সাইজের হবে- তা নির্ধারিত করা হয়েছে।

পোস্টারবিহীন এসব নির্বাচনে ব্যানার, লিফলেট, ফেস্টুনের পাশাপাশি প্রথমবারের মতো বিলবোর্ড ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। সিটি করপোরেশন ও ইউপি ভোটে প্রতি ওয়ার্ডে নির্ধারিত পরিমাপে একটি করে; উপজেলা ভোটে সর্বোচ্চ ২০টি এবং জেলা পরিষদে প্রতি থানা/উপজেলায় একটি করে বিলবোর্ড ব্যবহার করা যাবে। সরকারিগুরুত্বপূর্ণ পদের সংজ্ঞায় অন্যদের সঙ্গে মেয়রের দায়িত্বে থাকা ব্যক্তিদের সিটি, উপজেলা, পৌর, জেলা ও ইউনিয়ন পরিষদের ভোটে প্রচারণায় অংশ নিতে মানা করা হয়েছে।

ডিজিটাল বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের সুযোগ রাখার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর অপব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় প্রচারণার খরচও দেখাতে হবে নির্বাচনি ব্যয়ে। আচরণবিধি লঙ্ঘনে জরিমানা বাড়িয়ে সবক্ষেত্রে ৫০ হাজার টাকা করা হয়েছে। মাইকে প্রচারের সময় বেলা ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ সময়ে ভ্রাম্যমাণ বাহনেও প্রচারের সুযোগ রাখা হয়েছে।ভোটের সময় নির্বাচন পরিচালনা কাজে দায়িত্বরত কর্মকর্তাদের সার্কিট হাউস, রেস্ট হাউস ও ডাক বাংলো ব্যবহারে অগ্রাধিকারের বিষয়টি যুক্ত করা হয়েছে সব আচরণবিধিতে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহেমদ বলেছেন, স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচনের আচরণবিধি ইসির অনুমোদন হয়েছে। আমরা আইন মন্ত্রণালয়ে আচারণ বিধিমালা ভেটিংয়ের জন্য পাঠিয়ে দিয়েছি।

জানতে চাইলে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, নতুন আচরণবিধির খসড়া ওয়েবসাইটে দেওয়া হয়, এ নিয়ে মতামত নেওয়াও হয়েছে। সবকিছু পর্যালোচনা করে চূড়ান্ত করা হয়েছে।খসড়া যেভাবে প্রকাশ হয়েছিল, প্রায় একই রকম রেখেছি। এখন আইন মন্ত্রণালয়ের ভেটিং হলে ইসি সচিবালয় জারি করবে আলাদা আলাদা আচরণবিধি। এ নির্বাচন কমিশনার জানান, স্থানীয় সরকারের আলাদা আলাদা নির্বাচন পরিচালনা বিধিমালা ও আইনের সংশোধন আরও পর্যালোচনা করে পরে স্থানীয় মন্ত্রণালয়ে পাঠানো হবে। তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনের আইন-বিধির সঙ্গে সমন্বয় রেখে স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালা করা হয়েছে।

প্রচার বিধিমালা : নির্বাচনে ব্যানার, লিফলেট, ফেস্টুনের পাশাপাশি বিলবোর্ডের আকার-আয়তন নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রচার সামগ্রী হবে সাদাকালো রঙের। ভোটের প্রচারে পোস্টার নিষিদ্ধ রয়েছে। এক্ষেত্রে ব্যানার- আয়তন হবে সর্বোচ্চ ১০ ফুট বাই ৪ ফুট। লিফলেট, হ্যান্ডবিল এ ফোর সাইজের (৮.২৭ ইঞ্চি বাই ১১.৬৯ ইঞ্চি)। ফেস্টুন ১৮ ইঞ্চি বাই ২৪ ইঞ্চি হতে হবে। বিলবোর্ড-এর আয়তন সর্বোচ্চ ১৬ ফুট বাই ৯ ফুটের মধ্যে হতে হবে। প্রতীকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ৬ ফুটের বেশি নয়। জীবন্ত প্রাণী প্রচারণায় ব্যবহার করা যাবে না। ফেস্টুন, হ্যান্ডবিলে মুদ্রণের তারিখবিহীন, পলিথিনের আবরণ, পিভিসি ব্যবহার করা যাবে না। প্রার্থীর নিজের ছবি, প্রতীক ছাড়া অন্য কিছু থাকবে না প্রচার সামগ্রীতে।