‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’: বিএনপিকে জামায়াত আমির

বিএনপিকে ইঙ্গিত করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন। এই পথ পালানোর পথ, এর শেষ ঠিকানা দিল্লি।

সোমবার (১০ আগস্ট) গাইবান্ধার সাঘাটায় এক জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, আপা যাওয়ার আগে বলতো- আমি পালাই না। কী হইছে এখন? পালাইছে। বাচ্চারা স্লোগান দিয়েছিল- পালাইছে রে পালাইছে। এই পথে যারাই হাঁটবে, তাদেরকেই পালাতে হবে। এ দেশের মানুষ দিল্লির খবরদারি চায় না।

তিনি বলেন, ফ্যাসিবাদ একটা ভাইরাস, এটা কোনো নির্দিষ্ট দলে থাকে না। এক ফ্যাসিবাদীকে তাড়িয়ে জনগণ আরেক ফ্যাসিবাদী চায় না। ক্ষমতা কারও কোমরের নিচে চিরস্থায়ী নয়।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জনতার রায়কে অগ্রাহ্য করে অতীতে কেউ টিকতে পারেনি। গণভোট না মানলে শুধু না হবেন না, একসময় নাই হয়ে যাবেন।

জনসমাবেশে তিনি আরও বলেন, প্রয়োজনে শতবার রাস্তায় নামবো। আমরা কাপুরুষ নই। যারা দখলবাজি, চাঁদাবাজি করে তারাই কাপুরুষ।