বাংলাদেশ সরকার আমার পাসপোর্ট রিনিউ করে না: তসলিমা

বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন জানিয়েছেন, তিনি বাংলাদেশে ফিরতে চান। কিন্তু বাংলাদেশ সরকার তার পাসপোর্ট রিনিউ করে না। বুধবার কলকাতা ছাড়ার আগে সাংবাদিকদের তিনিকথা বলেছেন বলে জানিয়েছে সংবাদ প্রতিদিন।

২০০৭ সালে বই বিতর্কে কলকাতা ছাড়তে বাধ্য হয়েছিলেন তসলিমা নাসরিন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের উদ্যোগে ১৯ বছর পর ৩১ জুলাই কলকাতাতে প্রত্যাবর্তন করেন তিনি।

বুধবার তিনি বলেছেন, “বাংলাদেশে অবশ্যই ফিরতে চাই। ৩২ বছর আমি নির্বাসনে আছি। আমাকে বাংলাদেশে ফিরতে দেওয়া হয় না। আমার বাংলাদেশের পাসপোর্ট রিনিউ করে না সেদেশের সরকার। শুধু তাই নয়, আমার যে সুইডিশ পাসপোর্ট রয়েছে, ওটাতেও ভিসা দেয় না। না দিলে তো আমার কোনো বৈধ নথিপত্র নেই যাওয়ার জন্য।”

তসলিমা জানান, আপাতত ভারতেই থাকবেন তিনি।

কলকাতায় আবার আসবেন উল্লেখ করে তসলিমা বলেন, “কলকাতা থেকে খুব ভালো স্মৃতি নিয়ে ফিরছি। জনসাধারণের এত ভালোবাসা পেয়েছি যে আমার চোখে জল চলে এসেছে। খুব শিগগিরি আবার শহর কলকাতা আসব। অক্টোবরে কিংবা জানুয়ারিতে আসার কথা আছে। আর বইমেলায় তো আসবই। পুজোয় হয়তো আসা সম্ভব হবে না, কারণ সেসময়ে অন্য দেশে থাকব। যখনই কলকাতা ডাকবে, আমি আসব।”

আগামী বছর কলকাতা বইমেলায় নতুন বই নিয়ে আসছেন উল্লেখ করে তিনি বলেন, “বইমেলায় থাকছি। যে বইয়ের জন্য কলকাতা ছাড়তে হয়েছিল সেই কলকাতাতেই আমার বই প্রকাশিত হবে। আত্মজীবনী সমগ্র ১ বেরিয়েছে। এরপর আরো অনেক ভাগ বের হবে।”