রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ট্রাম্পের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিনে দেখতে কক্সবাজারে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টা ৫৫ মিনিটে ১১ সদস্যের প্রতিনিধিদলটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে তারা সরাসরি উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের উদ্দেশে রওনা হন। প্রতিনিধিদলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও রয়েছেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিনিধিদলটি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবে। এ ছাড়া সম্প্রসারিত ৮-ওয়েস্ট এবং ৬ নম্বর ক্যাম্প পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। সফরকালে প্রতিনিধিদলের সদস্যরা রোহিঙ্গাদের জীবনযাত্রা এবং মানবিক সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। বেলা তিনটায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তাদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পৌঁছান সার্জিও গোর। সফরের শেষ দিনে শনিবার (১ আগস্ট) ঢাকার শীর্ষ নেতৃত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে তার সফর শেষ হওয়ার কথা রয়েছে।