পেশাদার ফুটবলার হিসেবে অভিষেকের অপেক্ষায় টাইগার শ্রফ

 বলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা টাইগার শ্রফ এবার ফুটবল মাঠে নিজের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন। ঐতিহ্যবাহী ও সম্মানজনক ডুরান্ড কাপের জন্য মুম্বাই ফুটবল ক্লাবের (মুম্বাই এফসি) নিবন্ধিত দলে অন্তর্ভুক্ত করা হয়েছে এই অভিনেতাকে। এই প্রতিযোগিতার মাধ্যমেই পেশাদার ফুটবলার হিসেবে সবুজ গালিচায় অভিষেক ঘটতে পারে তার।

ক্লাবের অন্যতম সহ-মালিক জোহেব আমলানির দেওয়া তথ্য অনুযায়ী, টাইগার বর্তমানে দলের খেলোয়াড়দের সঙ্গে পুরোদমে অনুশীলন করছেন এবং গ্রুপ পর্বের অন্তত একটি ম্যাচের জন্য দলের সঙ্গে মেঘালয়ের শিলং সফর করতে পারেন।

স্পোর্টস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে জোহেব আমলানি বলেন, টাইগার আমাদের স্কোয়াডে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছেন এবং আমরা বিষয়টি বাস্তবায়নে সব ধরনের চেষ্টা চালাচ্ছি। টাইগারের মতো একজন জনপ্রিয় তারকার জন্য দুই বা তিন স্তরের শহরগুলোতে কড়া নিরাপত্তার প্রয়োজন রয়েছে। কারণ মাঠে সাধারণ মানুষের ভিড় জমলে পরিস্থিতি বিশৃঙ্খল হতে পারে। একই সঙ্গে তিনি আরও যোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বর্তমান যুগে ছোট কোনো বিষয়ও অনেকসময় বড় আকার ধারণ করে।

এসব বিষয় মাথায় রেখেই আমরা তার কাছ থেকে একটি সম্ভাব্য তারিখ নির্দিষ্ট করেছি। সবকিছু ঠিকঠাক থাকলে তিনি নিশ্চিতভাবেই দলের সঙ্গে একটি ম্যাচের জন্য যাবেন। বর্তমানে তিনি পুরো দলের সঙ্গে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন।

ফুটবলের প্রতি টাইগারের টান নতুন কিছু নয়।

২০২৪ সালে মুম্বাই এফসি ক্লাব প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই তিনি এর সঙ্গে যুক্ত রয়েছেন এবং মুম্বাই ডিস্ট্রিক্ট লিগে নিয়মিত প্রতিনিধিত্বও করেছেন। ক্লাবের সহ-মালিক জোহেব জানান, ২০২৩ সালে একটি ইনফ্লুয়েন্সারস লিগে তিনি প্রথম টাইগারের ফুটবল দক্ষতার বিষয়টি প্রত্যক্ষ করেন। ওই লিগে অভিনেতা রণবীর কাপুর এবং ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও অংশ নিয়েছিলেন। জোহেব স্মৃতিচারণ করে বলেন, ২০২৩ সালের ওই তারকা ও সাবেক ক্রীড়াবিদদের টুর্নামেন্টেই আমি অনুধাবন করি যে টাইগার সত্যিই ভালো ফুটবল খেলতে পারেন এবং গেম প্ল্যান নিয়ে তার কারিগরি ধারণা বেশ পরিষ্কার। ও স্লাইড ট্যাকেল এবং ১-অন-১ ড্রিবলিংয়ের দারুণ ভক্ত।

সেই টুর্নামেন্টের পরপরই নবগঠিত মুম্বাই এফসিতে টাইগারের প্রশিক্ষণ শুরু হয়। সাধারণ শখ হিসেবে যাত্রা শুরু হলেও দ্রুতই তা পেশাদার প্রতিযোগিতামূলক ফুটবলে অংশগ্রহণের তীব্র ইচ্ছায় রূপ নেয়। মুম্বাই ডিস্ট্রিক্ট লিগে টাইগারের অংশগ্রহণের বিষয়ে জোহেব বলেন, আমি তার সিআরএস (সেন্ট্রালাইজড রেজিস্ট্রেশন সিস্টেম) নিবন্ধন করিয়ে দিই। তাকে বুঝিয়েছিলাম যে এটি কেবল গিয়ে খেলে আসার মতো কোনো সাধারণ টুর্নামেন্ট নয়। এর জন্য যথাযথ নিবন্ধন, অফিশিয়াল আইডি কার্ড এবং প্রতিটি বিষয় নজরদারির জন্য দক্ষ রেফারির নিয়ম মেনে চলতে হয়। আমি বলব, পুরো প্রক্রিয়াজুড়ে তিনি অত্যন্ত পেশাদার মনোভাব দেখিয়েছেন।

চলমান ডুরান্ড কাপে মুম্বাই এফসি তাদের গ্রুপ পর্বের সবকটি ম্যাচ খেলবে শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। আগামী ৩ আগস্ট লাংসনিং এসসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে মুম্বাই এফসি তাদের অভিযান শুরু করবে। এরপর ৮ আগস্ট ২০২৪ সালের সেমিফাইনালিস্ট শিলং লাজংয়ের মুখোমুখি হবে দলটি এবং ১১ আগস্ট নংকেসে এসএস অ্যান্ড সিসির বিরুদ্ধে খেলবে মুম্বাইয়ের এই ফুটবল ক্লাবটি।

সূত্র: এনডিটিভি