ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলায় ৪ ভারতীয় নিহত

ইউক্রেনের ওডেসা বন্দর ছেড়ে যাওয়ার সময় বাণিজ্যিক জাহাজে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৪ ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন ভারতীয় ক্রু, তার অবস্থা আশঙ্কাজনক।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় ‘এমভি গোল্ডেন লিও’ নামের জাহাজটিতে এ হামলা হয়। জাহাজটিতে ১৭ জন ক্রুর মধ্যে ৫ জন ছিলেন ভারতীয়। গিনি-বিসাউয়ের পতাকাবাহী ভুট্টা বোঝাই জাহাজটিকে লক্ষ্য করে রাশিয়া পরপর তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ে। এতে আগুন ধরে যায় এবং ৪ ভারতীয়সহ মোট ১০ জন নিহত হন।

ইউক্রেনে ভারতীয় দূতাবাস পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ভুক্তভোগীদের সহায়তা দিচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে জুলাই মাসেই ওডেসায় রুশ হামলায় ২৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে সোমবার বেলগোরোডে ইউক্রেনীয় ড্রোন হামলায় শিশুসহ ৫ জন নিহতের খবর জানিয়েছে রাশিয়া।