যন্তর মন্তরে বিক্ষোভকারীদের ওপর বেআইনি নজরদারি, দিল্লি পুলিশকে তলব করল হাইকোর্ট

যন্তর মন্তরে আন্দোলনকারীদের ওপর বেআইনি নজরদারির অভিযোগে দিল্লি পুলিশকে তলব করেছে হাইকোর্ট। সার্বক্ষণিক ভিডিও ও ছবি তোলার ঘটনায় সুপ্রিম কোর্টের গোপনীয়তার নির্দেশনা মানা হয়েছে কি না, তা জানতে চেয়েছে আদালত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সোমবার (২০ জুলাই) দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চে শুনানি হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে যন্তর মন্তরে চলমান বিক্ষোভে নজরদারির অভিযোগে আবেদন করেন জেএনইউ ছাত্র সংসদের সাবেক সভাপতি আইশে ঘোষ।

আবেদনে বলা হয়, ২০ জুন থেকে সেখানে স্থায়ী নজরদারি টাওয়ার বসিয়ে আন্দোলনকারীদের খাওয়া, বিশ্রাম ও চিকিৎসার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও করা হচ্ছে। এমনকি বৃষ্টিতে নারী আন্দোলনকারীদের পোশাক ভিজে গেলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিও ধারণ করা হয়েছে, যা ২০১৭ সালে সুপ্রিম কোর্টের দেওয়া গোপনীয়তার অধিকারের রায়ের লঙ্ঘন।

যদিও সলিসিটর জেনারেল তুষার মেহতা অভিযোগ অস্বীকার করে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার জন্যই ভিডিও করা হচ্ছে, নজরদারি নয়। আদালত এ বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনা মানা হয়েছে কি না তার ব্যাখ্যা চেয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) পরবর্তী শুনানি।