আন্দোলনে উসকানিদাতাদের গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে সরকারকে বিব্রত করার মহল সক্রিয় থাকতে পারে, তবে সরকার তা গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে তিনি বলেন, “কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। যারা আন্দোলন করছে তাদের অনেকে প্রকৃত ছাত্র বা পরীক্ষার্থীই নয়।”

মন্ত্রী বলেন, দুর্যোগে পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে। পদার্থের দুটি ভুল প্রশ্নের নম্বর যোগ করে দেওয়া হবে, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষামন্ত্রী সংসদে দুঃখ প্রকাশ করেছেন, এরপর আন্দোলনের যৌক্তিকতা নেই।

তিনি আরও বলেন, “মিডিয়ায় আসায় বিষয়টি বড় মনে হচ্ছে। নকলমুক্ত পরীক্ষা ও শিক্ষার মান নিয়ে কোনো আপস হবে না। অটোপাস ও জিপিএ-৫ এর অপসংস্কৃতি থেকে বেরিয়ে জ্ঞানভিত্তিক জাতি গড়তে চাই।”

আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসনিক আদেশে দল নিষিদ্ধের পক্ষে সরকার নয়। মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে, ট্রাইব্যুনালে বিচার হবে।