আন্দোলন উপেক্ষা করে বুধবার এইচএসসি পরীক্ষা, চট্টগ্রামে স্থগিত

দেশের বিভিন্ন স্থানে আন্দোলনের মধ্যেও বুধবার চট্টগ্রাম বিভাগ ছাড়া অন্য সব বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় শিক্ষা প্রশাসন।

মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন ফেসবুক পোস্টে জানান, চট্টগ্রাম বোর্ড ছাড়া সব কেন্দ্র পরীক্ষার জন্য উপযোগী।

তিনি বলেন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বোর্ড চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে।

পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার উল্লেখ করে তিনি জানান, শিক্ষার্থীদের প্রস্তুতির মূল্যায়ন ও যথাসময়ে পরীক্ষা শেষ করাও সরকারের দায়িত্ব। কোনো শিক্ষার্থীর ভোগান্তি হলে স্থানীয় প্রশাসন কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত বা সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারবে।

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে ১৬ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত। বিরূপ আবহাওয়ায় কেউ পরীক্ষা দিতে না পারলে চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার সঙ্গে অংশ নিতে পারবেন।

মাহ্দী আমিন আরও জানান, পদার্থবিজ্ঞান প্রথম পত্রে দুটি ভুল প্রশ্নের জন্য সবাইকে পূর্ণ নম্বর দেওয়া হবে।