এআইয়ের পর কম খরচের ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা আনছে ডিএমপি

ট্রাফিক নজরদারি বাড়াতে এআই ক্যামেরার পাশাপাশি কম খরচের ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে ডিএমপি।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেন, ‘এআই ক্যামেরা কার্যকর হলেও ব্যয়বহুল। দ্রুত নজরদারি বাড়াতে কম দামের এই ক্যামেরা আনা হচ্ছে। এতে ট্রাফিক আইন বাস্তবায়ন আরও কার্যকর হবে, সড়কে শৃঙ্খলা ফিরবে।’

তিনি জানান, এআই ক্যামেরা চালুর দুই মাসে নগরবাসীর ব্যাপক সাড়া মিলেছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আইন মানছে, সিগন্যাল অনুসরণ করছে।

ঢাকার যানজটের কারণ হিসেবে মিশ্র যানবাহন, অটোরিকশা, অনিয়ন্ত্রিত গাড়ি বৃদ্ধি ও উন্নত গণপরিবহনের অভাবকে উল্লেখ করেন তিনি। পাশাপাশি পথচারীদের যত্রতত্র রাস্তা পারাপারকেও সমস্যা হিসেবে চিহ্নিত করেন।

আনিছুর রহমান বলেন, ‘২৫টি পয়েন্টে ২৪ ঘণ্টা ট্রাফিক দায়িত্ব পালন করতে হয়। শুধু ম্যানুয়াল পদ্ধতিতে আর সম্ভব নয়। তাই প্রযুক্তিকে যুক্ত করা হচ্ছে।’