২৫ হাজার মিডওয়াইফ ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর

সরকারি পর্যায়ে দেশে ২৫ হাজার মিডওয়াইফ ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, মিডওয়াইফরা মায়েদের নরমাল ডেলিভারিতে উৎসাহ দেবেন। এছাড়া উপজেলা ও জেলা পর্যায়ের ৫১ শয্যার হাসপাতালগুলো পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করা হবে। সরকারি চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, রাজধানীর ওপর চাপ কমাতে বিশেষজ্ঞ চিকিৎসকদের জেলা-উপজেলায় আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে হবে। এতে গ্রামের মানুষকে অপ্রয়োজনে ঢাকায় ছুটতে হবে না।

এর আগে সকালে প্রধানমন্ত্রী ঢামেক ক্যাম্পাসে পৌঁছান। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ও ঢামেকের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।