‘দক্ষ শিক্ষক ছাড়া আলোকিত শিক্ষার্থী সম্ভব নয়’: রিজভী

ঘুষের বিনিময়ে শিক্ষক নিয়োগের সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দক্ষ শিক্ষক ছাড়া শিক্ষার্থীরা আলোকিত হতে পারে না।

শনিবার (১১ জুলাই) দুপুরে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ না থাকায় টেকসই শিক্ষা নিশ্চিত হচ্ছে না। শিক্ষকদের ডেডিকেশন হারিয়ে যাওয়ায় শিক্ষাব্যবস্থা নিম্নগামী। আদর্শ শিক্ষক ও শিক্ষার অভাবে সমাজের অধঃপতন ও মাদকের প্রসার ঘটছে।

তিনি অভিযোগ করেন, অসাধু ঠিকাদাররা স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার দিচ্ছে। ‘যারা স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার দিচ্ছে তারা মানবতার শত্রু’, বলেন রিজভী।

মাঠপর্যায়ে আমলাদের দায়িত্বহীনতায় শিক্ষাখাতের ভালো উদ্যোগ বিনষ্ট হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পদক দিয়ে পুরস্কৃত করার আহ্বান জানান।

এ সময় মনিপুর হাইস্কুলকে আরও সমৃদ্ধ করতে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন রিজভী।