‘ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না রুখলে দেশ পাকিস্তানই থাকত’: স্পিকার হাফিজ

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পাকিস্তানি বাহিনীর গণহত্যার বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ শুরু না করলে বাংলাদেশ স্বাধীন হতো না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।

শনিবার (১১ জুলাই) ঢাকার রাওয়া কনভেনশন সেন্টারে ‘মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, ‘ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যদি ১৯৭১ সালে প্রতিবাদে প্রতিরোধ শুরু না করত, তাহলে এই দেশ এখনো পাকিস্তান থাকত।’

তিনি স্মৃতিচারণ করে জানান, পাকিস্তান মিলিটারি একাডেমিতে ফুটবল খেলার সময় তৎকালীন মেজর জিয়াউর রহমানের সঙ্গে প্রথম পরিচয় হয়। জিয়াউর রহমানই তাকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দিতে উৎসাহিত করেন।

১৯৭০ সালের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘পূর্ব পাকিস্তান অবহেলিত ছিল। সম্পদের সমবণ্টন ছিল না। সেই বৈষম্য নিয়ে মানুষ ক্ষুব্ধ ছিল।’

মুক্তিযুদ্ধকে কোনো রাজনৈতিক দলের যুদ্ধ হিসেবে দেখার সুযোগ নেই জানিয়ে স্পিকার বলেন, ‘এটি ছিল জনতার যুদ্ধ। ছাত্র, শিক্ষক, রিকশাচালক, দোকানদার—সব পেশার মানুষ মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন।’