সিরিয়ার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৮ জুলাই) আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় আমি করব। কেন করব না? তিনি দারুণ কাজ করেছেন।’

আহমেদ আল-শারার দিকে ইঙ্গিত করে সাংবাদিকদের তিনি বলেন, ‘হয়তো তিনি কিছুক্ষণের মধ্যেই বিষয়টি তুলতেন — এটা ভালো প্রশ্ন। হ্যাঁ, এতে কোনো সমস্যা আছে? আমার মনে হয় আমাদের করা উচিত। হ্যাঁ, আমি করব।’

১৯৭৯ সালের ডিসেম্বর থেকে সিরিয়াকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসেবে তালিকাভুক্ত করে রেখেছে। তবে আসাদ সরকারের পতনের পর উভয় দলের আইনপ্রণেতারা একে তালিকা থেকে বাদ দেওয়ার আহ্বান জানিয়ে আসছিলেন।

সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবেই ট্রাম্পের এই ঘোষণা। এর আগে গত বছর ট্রাম্প প্রশাসন সিরিয়ার হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) বা আল-নুসরা ফ্রন্টের ওপর থেকে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর তকমা তুলে নেয়। সংগঠনটির নেতৃত্বে আছেন প্রেসিডেন্ট শারা।