ভারী বর্ষণে ঝুঁকি: ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ

টানা ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বিবেচনায় আগামী ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণ-বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিপাতের কারণে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে।

এ সময় বান্দরবানের পর্যটনকেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকাসহ অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

জেলা প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলতে এবং আবহাওয়াজনিত পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপ্রয়োজনে ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ না করতেও অনুরোধ করা হয়েছে।