বড় স্ক্রিনে খেলা দেখার জায়গায় নজরদারি করবে ডিএমপি ও ডিবি

ফুটবল বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস যেন সহিংসতায় না গড়ায়, সেজন্য রাজধানীতে বড় স্ক্রিনে খেলা দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। থানা-পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি)ও নিরাপত্তা জোরদার করবে।

শুক্রবার (৩ জুলাই) মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, কোথায় কোথায় বড় স্ক্রিনে খেলা দেখানো হয়, সেসব আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে পুলিশ সদস্য মোতায়েন করা হবে। ডিবিও নজরদারি করবে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আনন্দটা যেন আনন্দের মধ্যেই থাকে, বিষাদে পরিণত না হয়। খেলায় হার-জিত থাকবে। সবাই পরস্পরের সমর্থনকে সম্মান করবেন এবং সহনশীল আচরণ করবেন।

উল্লেখ্য, গত সোমবার রাতে ব্রাজিলের জয় উদযাপনকে কেন্দ্র করে আদাবরে সংঘর্ষে বিএনপি নেতা মো. আবুল বাশার বাদশা নিহত হন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ থেকে নিরব, রিপন, মজনু ও মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে ডিবি। গ্রেপ্তার রিপন সরাসরি ছুরিকাঘাত করেছে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার হয়েছে।