কুকুরের গলায় ইট বেঁধে মেঘনায় ফেলা: প্রধান অভিযুক্ত শাহিনারা গ্রেপ্তার

নরসিংদীর নাগরিয়াকান্দি সেতু থেকে জীবন্ত কুকুরের গলায় ইট বেঁধে মেঘনা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত শাহিনারা বেগমকে (৫২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় নরসিংদী শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহিনারা বেগম নরসিংদী সদর উপজেলার কামারগাঁও গ্রামের মৃত আব্দুল আজিজের স্ত্রী।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই ঘটনায় জড়িত মোহাম্মদ আলী নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নাগরিয়াকান্দি সেতুর ওপর একটি কুকুরের গলায় রশি দিয়ে ভারী ইট বেঁধে মেঘনা নদীতে ফেলে দেওয়া হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়।

ভিডিও প্রকাশের পর প্রাণীর প্রতি এমন নিষ্ঠুর আচরণে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপরই অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার শাহিনারাকে আদালতে হাজির করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রাণী কল্যাণ আইন, ২০১৯ অনুযায়ী কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ, নির্যাতন বা হত্যা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।