এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি: তথ্য যাচাইয়ের সময় বাড়ল

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি কার্যক্রমে ডাটা এন্ট্রি ও তথ্য যাচাইয়ের সময়সীমা বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

রোববার মাউশির পরিচালক (মাধ্যমিক) মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্কুল ও কলেজ পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানরা আগামী ২৫ জুন পর্যন্ত অনলাইনে তথ্য ইনপুট, যাচাই এবং চূড়ান্ত অনুমোদনের কাজ সম্পন্ন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্কুল পর্যায়ে এরপর উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা ৫ জুলাই পর্যন্ত যাচাই কার্যক্রম চালাবেন। জেলা শিক্ষা কর্মকর্তাদের চূড়ান্ত অনুমোদনের সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত।

কলেজ পর্যায়ে আঞ্চলিক উপপরিচালকরা ৫ জুলাই পর্যন্ত যাচাই করবেন। আর আঞ্চলিক পরিচালকদের চূড়ান্ত অনুমোদনের শেষ সময় ১৫ জুলাই।

মাউশি জানায়, ‘এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত)’ অনুযায়ী টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় সফটওয়্যারভিত্তিক তথ্য সংগ্রহ চলছে। তবে সার্ভারে কারিগরি ত্রুটির কারণে হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় অনেক প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে তথ্য ইনপুট করতে পারেনি। ত্রুটি সমাধানের পর তাদের জন্য সময় বাড়ানো হয়েছে।