১৮ ঘণ্টা বাথরুমের গোপন সুড়ঙ্গে লুকিয়ে ছিলেন নায়িকা ববির স্বামী, অবশেষে গ্রেপ্তার

রাজধানীর গুলশান থানায় দায়ের হওয়া একটি মামলায় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী মির্জা আবুল বাশার মামুনকে খুঁজতে গিয়ে চমকে যায় পুলিশ। গুলশানের পুরো ফ্ল্যাট তন্ন তন্ন করেও মিলছিল না তার হদিস। অবশেষে দীর্ঘ ১৮ ঘণ্টা শ্বাসরুদ্ধকর অভিযানের পর তাকে পাওয়া যায় বাথরুমের দেয়ালের পেছনে বিশেষ কায়দায় তৈরি করা এক গোপন সুড়ঙ্গে লুকিয়ে থাকা অবস্থায়।

শনিবার (২০ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আল আমিন হোসেন এসব তথ্য জানান।

পুলিশের তথ্য অনুযায়ী, বিটিএল গ্রুপের মালিক মামুনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় প্রতারণাসহ অসংখ্য মামলা রয়েছে।

অতিরিক্ত উপ-কমিশনার জানান, শুক্রবার রাতে মামুনকে গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। রাত গড়িয়ে সকাল হলেও হদিস মিলছিল না। পুরো ফ্ল্যাট খোঁজার পর সন্দেহ যায় বাথরুমের দিকে। তল্লাশি করতেই বেরিয়ে আসে দেয়ালের পেছনে বিশেষ কায়দায় তৈরি গোপন সুড়ঙ্গ। সেখানেই লুকিয়ে ছিলেন মামুন।

অভিযোগ রয়েছে, বিভিন্ন জেলার ব্যবসায়ীদের টার্গেট করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন তিনি। জমির ব্যবসা, চাল কিংবা তেলের ডিলারশিপ দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যেতেন।

পুলিশ জানায়, মামুনের বিরুদ্ধে পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব প্রতারণার সঙ্গে চিত্রনায়িকা ববির কোনো সম্পর্ক থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে।