চলে গেলেন ‘মৃত্তিকার কবি’ আল মুজাহিদী

বাংলা সাহিত্যাঙ্গনে শোকের ছায়া নামিয়ে না ফেরার দেশে চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী।

‘মৃত্তিকার কবি’ নামে খ্যাত এই কবি শুক্রবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

কবির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছেলে শাবিব আল মুজাহিদী।

তিনি জানান, গত বুধবার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এ ছাড়া ব্লাড ইনফেকশন ও কিডনি ফেইলিওরেও ভুগছিলেন। শুক্রবার দুপুর ১টার দিকে আবারও কার্ডিয়াক অ্যারেস্ট হলে শক থেরাপি দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

আগামীকাল শনিবার বাদ জোহর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য বেলা ১১টায় মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।

১৯৪৩ সালের ১ জানুয়ারি টাঙ্গাইলে জন্ম আল মুজাহিদীর। ষাটের দশকের বাংলা কবিতার অন্যতম প্রধান কবি তিনি। মাত্র ৯ বছর বয়সে, ১৯৫২ সালে কবিতা লেখা শুরু করেন। দীর্ঘ সাহিত্যজীবনে তার অর্ধশতাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। কবিতার পাশাপাশি উপন্যাস, নাটক ও প্রবন্ধও লিখেছেন।

দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেন কবি আল মুজাহিদী। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ২০০৩ সালে একুশে পদক পান তিনি।