আছিয়া-রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স দ্রুত শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল

মাগুরার শিশু আছিয়া ও রাজধানীর পল্লবীর শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে হাইকোর্টে শুনানির আবেদন করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

রোববার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বিশেষ হাইকোর্ট বেঞ্চে তিনি এ আবেদন করেন।

এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, এই বেঞ্চে থাকা নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত কোনো ডেথ রেফারেন্স ও আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষ মুলতবি চাইবে না।

এদিকে পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও স্বপ্না আক্তারের কারা কর্তৃপক্ষের মাধ্যমে করা জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করে আদেশ দেন।

এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল মামলার ডেথ রেফারেন্স ও আপিল দ্রুত শুনানির জন্য পেপারবুক প্রস্তুতের বিষয়টি আদালতকে জানালে, আদালত বলেন আদেশের কপি আজই সংশ্লিষ্ট শাখায় দেওয়া হয়েছে।