প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারপ্রধান হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ ও ২২ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুর যাওয়ার প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত ফেব্রুয়ারিতে নির্বাচনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়ে চিঠি দেন। আমন্ত্রণ আসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের পক্ষ থেকেও। শেষ পর্যন্ত ভারত বা চীন নয়, প্রথম সফরের জন্য মালয়েশিয়াকেই বেছে নিয়েছেন তারেক রহমান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফর হচ্ছে। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, মালয়েশিয়া সরকার সোমবার (১ জুন) সকালে সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে চিঠি দিয়েছে। সফরের দ্বিতীয় দিন, ২২ জুন দুই শীর্ষ নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা চলছে।

সফরের আলোচ্যসূচি ও বিস্তারিত কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি। ঢাকা ও কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আগামী সপ্তাহে এগুলো চূড়ান্ত হতে পারে।