রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্নার বিরুদ্ধে চার্জশিট

৪১

পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ।

রোববার (২৪ মে) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে মূল অভিযুক্ত সোহেল রানা এবং অপরাধে সহযোগিতা ও আলামত গোপনের অভিযোগে তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করা হয়েছে। গ্রেপ্তারের পর সোহেল রানা আদালতে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন।

তদন্ত সংশ্লিষ্ট পুলিশ জানায়, গত মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে সোহেল রানা রামিসাকে জোর করে নিজেদের ফ্ল্যাটে নিয়ে যান। এ সময় তার স্ত্রী ঘুমিয়ে ছিলেন। শিশুটি চিৎকার করতে চাইলে ওড়না দিয়ে মুখ বেঁধে বাথরুমে তাকে ধর্ষণ করা হয় এবং শ্বাসরোধে হত্যা করা হয়। পরে আলামত নষ্ট ও লাশ গুমের জন্য ধারালো অস্ত্র দিয়ে শিশুটির মাথা শরীর থেকে আলাদা করে বালতিতে লুকিয়ে রাখা হয়।

খোঁজাখুঁজির সময় স্বজনরা দরজা ভেঙে ঢোকার চেষ্টা করলে অভিযুক্তরা জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান। ঘরের বাইরে হৈচৈয়ে স্বপ্নার ঘুম ভাঙলে তিনি স্থানীয়দের ঢুকতে বাধা দিয়ে স্বামীকে পালাতে সহায়তা করেন। পরে স্থানীয়রা স্বপ্নাকে আটকে পুলিশে খবর দেন।

নিহত রামিসা রাজধানীর একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। ঘটনার পর বাবা আবদুল হান্নান মোল্লা পল্লবী থানায় হত্যা মামলা করেন। দ্রুত তদন্ত শেষে পুলিশ আজ চূড়ান্ত চার্জশিট জমা দিল।