আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত সঠিক ছিল: রিজভী

Rizvi 1

আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা অন্তর্বর্তী সরকারের সঠিক সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি। সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম। সমাবেশে শেষে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

রিজভী বলেন, “ফের রক্তের নেশায় মত্ত হয়েছেন শেখ হাসিনা। লুটের টাকায় কিশোর গ্যাংকে দিয়ে বাসে আগুন, বোমা বিস্ফোরণ ও হত্যাকাণ্ড করছে তারা। শেখ হাসিনার কথিত ফেরাকে নিয়ে ভারত সীমান্তে ষড়যন্ত্রের নীল নকশা বুনছে।” আওয়ামী লীগ খুন-গুম, হত্যা ও সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার প্রতীক বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, “মুক্তিযুদ্ধ কি ছিল, পিন্ডির কাছে বের হয়ে এসে দিল্লির দাসত্ব করা? মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও শেখ হাসিনা দিল্লির দাসত্ব করতেন। মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনাসহ তার পরিবার পাকিস্তানের ভাতা খেয়েছেন। মুক্তিযুদ্ধে শেখ পরিবারের কোনো অবদান নেই। পাকিস্তানের ক্ষমতার জন্য একের পর এক বৈঠক করেছিলেন শেখ মুজিব।”

তিনি বলেন, “বাপের তৈরি করা বাকশাল পুনর্জীবিত করেছিলেন শেখ হাসিনা। পিতার পথ অনুসরণ করেই শেখ হাসিনা গুম-খুন শুরু করেছিলেন।”