তথ্যপ্রবাহ আর নিয়ন্ত্রণে নেই: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ডিজিটাল যুগে তথ্যপ্রবাহ এখন আর নিয়ন্ত্রণের মধ্যে নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (২৪ মে) রাজধানীতে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সমন্বিতভাবে কাজ করলে সমাজ ও রাষ্ট্র গঠনে বড় অবদান রাখা সম্ভব। বর্তমান বাস্তবতায় জনসংযোগ কর্মকর্তাদের ইনফরমেশন ইকোসিস্টেম সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি। পাশাপাশি জনগণের কাছে সেবা পৌঁছাচ্ছে কি না, সেদিকেও নজর দিতে হবে।

তিনি আরও বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া আধুনিক জনসংযোগ কল্পনা করা যায় না। তাই কর্মকর্তাদের প্রযুক্তি ও ডিজিটাল যোগাযোগে দক্ষ হতে হবে।

মন্ত্রী জানান, তথ্য ক্যাডারে এখন তিন শতাধিক কর্মকর্তা রয়েছেন। আধুনিক জনসংযোগ ব্যবস্থাপনায় দক্ষ জনবল গড়ে তোলা জরুরি। এখন পারসেপশন ম্যানেজমেন্টের প্রতিযোগিতা চলছে, যেখানে দক্ষ মানবসম্পদের গুরুত্ব অপরিসীম।

অনুষ্ঠানে ইয়াসের খান চৌধুরী বলেন, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং ফ্যাক্ট-চেকিংয়েও এটি কার্যকর। সরকারি কার্যক্রম জনগণের সামনে তুলে ধরা জনসংযোগ কর্মকর্তাদের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।