এসএসসির ব্যবহারিক ৭ জুন শুরু, ঢাকা বোর্ডের জরুরি নির্দেশনা

২৩

২০২৬ সালের এসএসসি ও সমমানের ব্যবহারিক পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হচ্ছে।

সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে শনিবার (২৩ মে) জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষার পূর্ণমান ২৫ নম্বর এবং সময় ২ ঘণ্টা।

উচ্চতর গণিতে পরীক্ষার্থীদের দুটি পরীক্ষণ করতে হবে। পরিকল্পনায় ২, সঠিক প্রক্রিয়ায় ৩, লেখচিত্র ও উপাত্ত বিশ্লেষণে ৩, ফলাফল উপস্থাপনে ২ এবং মৌখিক অভীক্ষায় ৫ নম্বর থাকবে।

কৃষি শিক্ষায় লটারির মাধ্যমে নির্ধারিত ১০টি পরীক্ষণের মধ্য থেকে যেকোনো একটি করতে হবে। পরীক্ষণের জন্য ১৫, ব্যবহারিক খাতায় ৫ এবং মৌখিকে ৫ নম্বর বরাদ্দ। পদার্থবিজ্ঞান ও রসায়নেও লটারির ভিত্তিতে একটি করে পরীক্ষণ দিতে হবে। পদার্থবিজ্ঞানে তত্ত্বে ৩, ডাটায় ৬, হিসাবে ২, সতর্কতায় ২, মৌখিক ও খাতায় ৫ করে নম্বর। রসায়নে কাজের ধারা ও প্রক্রিয়ায় ৫, ফলাফলে ৫ এবং মৌখিকে ৫ নম্বর। তবে রসায়নে ব্যবহারিক খাতা জমা বাধ্যতামূলক হলেও নম্বর নেই।

জীববিজ্ঞানে লটারির মাধ্যমে একটি পরীক্ষণ করতে হবে। কার্যপদ্ধতি, চিত্র অঙ্কন ও সতর্কতায় ১৫, ফলাফল ব্যাখ্যায় ৪, মৌখিকে ৪ এবং ব্যবহারিক খাতায় ২ নম্বর থাকবে।

চারু ও কারুকলা পরীক্ষায় দৃশ্য ও নকশা অঙ্কনের জন্য রং, জ্যামিতি বক্স, স্কেল ও পেনসিল পরীক্ষার্থীকে আনতে হবে। উত্তরপত্র দেবে কেন্দ্র। সংগীত পরীক্ষায় সুর, তাল, লয় ও উচ্চারণের ভিত্তিতে মূল্যায়ন হবে।

গার্হস্থ্য বিজ্ঞানে ব্যবহারিক খাতা আনা বাধ্যতামূলক। রান্নার জন্য ডিম, দুধ, চিনি এবং দর্জি বিজ্ঞানের জন্য বাদামি কাগজ, গজফিতা, স্কেল সঙ্গে আনতে হবে।