ঈদে ১০টি বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে, যুক্ত হচ্ছে ৫১ কোচ

৩২

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সোমবার থেকে অতিরিক্ত ১০টি বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে। সঙ্গে যুক্ত হবে ৫১টি নতুন কোচ, জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার (২৪ মে) সকালে ঢাকা রেলওয়ে স্টেশনে ঈদযাত্রার ব্যবস্থাপনা পরিদর্শনে এসে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, এখন পর্যন্ত ঈদযাত্রার সার্বিক ব্যবস্থাপনা স্বাভাবিক রয়েছে। সোমবার থেকে নির্ধারিত সময়ে ট্রেন ছাড়বে।

শিডিউল: চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২ চলবে চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে। ঈদের আগে ২৫-২৭ মে এবং পরে ৩০ মে-১ জুন চলবে। চাঁদপুর স্পেশাল-১ চট্টগ্রাম থেকে বিকেল সাড়ে ৩টায় ছেড়ে চাঁদপুর পৌঁছাবে রাত ৮টা ২০ মিনিটে। স্পেশাল-২ চাঁদপুর থেকে ভোর ৪টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮টা ৫০ মিনিটে।

পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ও ১০ চলবে জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে। ঈদের আগে ২৪-২৬ মে এবং পরে ৩০ মে-১ জুন চলবে। ঈদের আগে স্পেশাল-৯ জয়দেবপুর থেকে সন্ধ্যা ৭টায় ছেড়ে পার্বতীপুর পৌঁছাবে রাত আড়াইটায়। স্পেশাল-১০ পার্বতীপুর থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে দুপুর ২টা ২০ মিনিটে। ঈদের পর স্পেশাল-৯ জয়দেবপুর থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে পার্বতীপুর পৌঁছাবে দুপুর ২টা ৫০ মিনিটে। স্পেশাল-১০ পার্বতীপুর থেকে রাত ১০টা ২০ মিনিটে ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে ভোর ৫টা ৪৫ মিনিটে।

তিস্তা ঈদ স্পেশাল-৩ ও ৪ চলবে ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে। ঈদের আগে ২৫-২৭ মে এবং পরে ৩০ মে-১ জুন চলবে। স্পেশাল-৩ ঢাকা থেকে সকাল সাড়ে ৯টায় ছেড়ে দেওয়ানগঞ্জ পৌঁছাবে বিকেল ৪টা ১০ মিনিটে। স্পেশাল-৪ দেওয়ানগঞ্জ থেকে বিকেল সাড়ে ৪টায় ছেড়ে ঢাকা পৌঁছাবে রাত ১০টা ২০ মিনিটে।

শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ও ৬ শুধু ঈদের দিন চলবে ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে। স্পেশাল-৫ ভৈরববাজার থেকে ভোর ৬টায় ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টায়। স্পেশাল-৬ কিশোরগঞ্জ থেকে বেলা ১২টায় ছেড়ে ভৈরববাজার পৌঁছাবে দুপুর ২টায়।

শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ও ৮ শুধু ঈদের দিন চলবে ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে। স্পেশাল-৭ ময়মনসিংহ থেকে ভোর ৫টা ৪৫ মিনিটে ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল সাড়ে ৮টায়। স্পেশাল-৮ কিশোরগঞ্জ থেকে বেলা ১২টায় ছেড়ে ময়মনসিংহ পৌঁছাবে দুপুর ৩টায়।