৯৮ শতাংশ শিশু হামের টিকার আওতায়, বাকি ২ শতাংশকেও আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

২০

দেশের ৯৮ শতাংশ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। বাকি ২ শতাংশ শিশুকেও টিকার আওতায় আনার চেষ্টা করছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (১৩ মে) সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চীনের দূতাবাস ও চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন কর্তৃক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জুন মাস থেকে দুই ধাপে ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে। এ মুহূর্তে ভিটামিন এ ক্যাপসুলের ঘাটতি থাকলেও জুন নাগাদ তা পূরণ হয়ে যাবে।

হাম প্রসঙ্গে তিনি বলেন, গণমাধ্যমে অনেক ভুল তথ্য আসছে। সরকারের কাছে পর্যাপ্ত হামের টিকা আছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত আমলে হামের টিকা কেন দেওয়া হয়নি, তা নিয়ে তদন্ত করবে সরকার। তবে তদন্তের বিষয়ে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।