পুলিশের ওপর আস্থা ফিরেছে, সেনা প্রত্যাহার শুরু হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৪২

পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরে আসায় মাঠ পর্যায়ে দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যদের পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সভা শেষে তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে না। নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব নিয়েছে এবং পুলিশ বাহিনীকে সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনার বিষয়ে সরকারের আস্থা তৈরি হয়েছে। জনগণের মনেও সেই বিশ্বাস তৈরি হয়েছে, তাই পর্যায়ক্রমে সেনা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

কীভাবে প্রত্যাহার হবে, সে বিষয়ে পুলিশ, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো একসঙ্গে বসে পরিকল্পনা ঠিক করবে বলে জানান তিনি।

চলমান অভিযান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি, জুয়াড়ি ও অস্ত্রধারীদের বিরুদ্ধে প্রতিদিন অভিযান চলছে। সময় শেষ হয়ে যায়নি। প্রতিদিনই দাগি আসামি গ্রেপ্তার হচ্ছে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোথাও যৌথ অভিযান, কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর একক অভিযান চলছে।

বড় গডফাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এমন প্রশ্নে তিনি বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। সঠিকভাবে তালিকা করেই অভিযানে নামা হয়েছে।

সরকারের চলমান অভিযানের ফলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এ বিষয়ে ভিন্নমত থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।