বৈরী আবহাওয়ায় বন্ধের পর সদরঘাটে ফের লঞ্চ চলাচল শুরু

বৈরী আবহাওয়ার কারণে সাময়িক বন্ধের পর রাজধানীর সদরঘাট থেকে সব ধরনের লঞ্চ ও নৌযান চলাচল আবার শুরু হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুর ১টা ৩০ মিনিটে সদরঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কন্ট্রোল রুম থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক করার ঘোষণা দেওয়া হয়।

এর আগে দুপুর ১২টা ১০ মিনিটে বৈরী আবহাওয়ার কারণে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব নৌযান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছিল বিআইডব্লিউটিএ।

বিআইডব্লিউটিএ’র ঢাকা নদীবন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক মো. মোবারক হোসেন বলেন, “বৈরী আবহাওয়ার কারণে সদরঘাট থেকে সব ধরনের নৌ চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছিল। আমরা আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ রাখছি। পরিস্থিতি অনুকূলে আসায় লঞ্চ চলাচল স্বাভাবিক ঘোষণা করা হয়েছে।”