সরকারি খাদ্য মজুত ১৬ লাখ ৯০ হাজার টন ছাড়াল

দেশে সরকারি পর্যায়ে চাল ও গম মিলিয়ে মোট খাদ্যশস্যের মজুত ১৬ লাখ ৯০ হাজার ১৪৬ মেট্রিক টন ছাড়িয়েছে।

২০২৬ সালের শুরু থেকে মঙ্গলবার (৫ মে) পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে এ চিত্র পাওয়া গেছে।

খাদ্য মন্ত্রণালয়ের দৈনিক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সরকারি গুদামে চালের মজুত ১২ লাখ ২৫ হাজার ৮৭ মেট্রিক টন, গমের মজুত ৩ লাখ ৪৫ হাজার ১৮৪ মেট্রিক টন এবং ধানের মজুত ২৬৫ মেট্রিক টন। গুদামজাত মোট খাদ্যশস্যের পরিমাণ ১৫ লাখ ৭০ হাজার ৪৪৩ মেট্রিক টন।

এর সঙ্গে ভাসমান মজুত যোগ করলে মোট পরিমাণ আরও বাড়ে। বর্তমানে ভাসমান মজুতে গম রয়েছে ৯০ হাজার ৬৭২ মেট্রিক টন এবং চাল ২৯ হাজার ৮৩১ মেট্রিক টন। সব মিলিয়ে ভাসমানসহ মোট মজুত দাঁড়িয়েছে ১৬ লাখ ৯০ হাজার ৯৪৬ মেট্রিক টন।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই মজুত সন্তোষজনক বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তাদের মতে, ১৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন মজুত থাকলে তা নিরাপদ হিসেবে গণ্য হয়। সে হিসেবে বর্তমান মজুত নিরাপদ।

খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা বলেন, চলতি বোরো মৌসুমে নতুন ধান ও চাল সংগ্রহ চলমান থাকায় আগামী দিনে মজুত আরও বাড়বে। গত ৩ মে থেকে শুরু হওয়া খাদ্য সংগ্রহ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এ সময় ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল, ১ লাখ মেট্রিক টন আতপ চাল, ৫০ হাজার মেট্রিক টন গমসহ মোট ১৮ লাখ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে।

তিনি আরও বলেন, আমদানিসহ সরকারের নানা পদক্ষেপের কারণে খাদ্য মজুত আগামী দিনগুলোতে আরও বাড়তে থাকবে।