তুরস্কে বৈশ্বিক কূটনীতির বড় আয়োজন: যোগ দিচ্ছে ১৫০ দেশের নেতারা

২৭

তুরস্কে শুরু হচ্ছে বৈশ্বিক কূটনীতির অন্যতম বড় আয়োজন আনতালিয়া ডিপ্লোমেসি ফোরাম-২০২৬। তুরস্কের আনতালিয়া প্রদেশের পর্যটন নগরী বেলেক-এ ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এই ফোরামে বিশ্বের প্রায় ১৫০টি দেশের প্রায় ৫০০ রাষ্ট্রপ্রধান, জ্যেষ্ঠ কূটনীতিক ও সরকারি কর্মকর্তা অংশ নেবেন।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় এ ফোরামটির সম্মেলন পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ভবিষ্যৎ পরিকল্পনা ও অনিশ্চয়তা ব্যবস্থাপনা’। এখানে ভবিষ্যতের অনিশ্চয়তা মোকাবিলা ও বৈশ্বিক চ্যালেঞ্জের সমাধান খোঁজার ওপর গুরুত্ব দেওয়া হবে।

ফোরামে রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পারস্য উপসাগর ও ইরান পরিস্থিতিসহ চলমান বৈশ্বিক সংকটগুলো আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি বিশ্ব রাজনীতিতে উদ্ভূত নতুন বাস্তবতাও আলোচনায় উঠে আসবে।

তিন দিনব্যাপী এই আয়োজনে ৪০টির বেশি সেশন ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে যেখানে রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানরা অংশ নেবেন। এতে ২২ জন রাষ্ট্র ও সরকারপ্রধান, ১৪ জন ভাইস প্রেসিডেন্ট ও উপপ্রধানমন্ত্রী, ৫০ জনের বেশি মন্ত্রী এবং আন্তর্জাতিক সংস্থার ৭৯ জন প্রতিনিধি অংশ নেওয়ার কথা রয়েছে। অংশগ্রহণকারীদের প্রায় অর্ধেকই ইউরোপ ও আফ্রিকা অঞ্চল থেকে আসবেন।

উচ্চপর্যায়ের অতিথিদের মধ্যে রয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত। এছাড়া জর্ডান, মিশর, কাতার ও বাহরাইনের শীর্ষ কূটনীতিকরাও অংশ নেবেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলকান অঞ্চল ও গাজা পরিস্থিতি নিয়ে পৃথক বৈঠক করবেন। একই সঙ্গে অর্গানাইজেশন অব ট্রার্কিক স্টেট-এর একটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব ও মিশরের মধ্যে একটি চার-পক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ফোরামটি কভার করতে এরই মধ্যে ১,১০০-এর বেশি সাংবাদিক নিবন্ধন করেছেন। আয়োজকদের আশা, তিন দিনে মোট ৫,০০০-এর বেশি মানুষ-সাংবাদিক, কর্মকর্তা, গবেষক ও শিক্ষার্থীসহ এই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন।

সূত্র: আনাদোলু এজেন্সি