দাফন হলো ট্রেনে কাটা পড়া সেই ৫ জনের মরদেহ, এলাকায় শোকের মাতম

৩৩

টাঙ্গাইলের কালিহাতীতে সংঘটিত মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহত পাঁচজনের মরদেহ গ্রামের বাড়ি গাইবান্ধায় আনা হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের দুজন রয়েছেন।

শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে অ্যাম্বুলেন্সে করে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে তাদের বাড়িতে মরদেহগুলো পৌঁছায়।

মরদেহ পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফেরার পথেই এই হৃদয়বিদারক দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতরা হলেন- নিজপাড়া গ্রামের হামিদুল ইসলাম ওরফে হাম্বুর স্ত্রী নার্গিস আক্তার (৪০) ও তাঁর ছেলে নিবর মিয়া (১৫), একই গ্রামের আজিজার রহমানের ছেলে সুলতান মাহমুদ (৩০), আব্দুর রশিদের মেয়ে রিপা (২০) এবং একই উপজেলার ছত্রগাছা গ্রামের জাকির মিয়ার স্ত্রী দোলা বেগম (৪২)।

তারা সবাই ঢাকায় গার্মেন্টস শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

এর মধ্যে নিহত দোলা বেগমের গল্প আরও বেশি হৃদয়বিদারক। ঈদের ছুটিতে বাড়ি এসে তিনি একমাত্র মেয়ে জুই আক্তারের বিয়ে দিয়েছিলেন।

কিন্তু সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই নিভে গেল তাঁর জীবন।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য শাহাদত হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা রাতেই টাঙ্গাইলে ছুটে যান এবং সকালে মরদেহ নিয়ে বাড়িতে ফেরেন।

পরে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

জানা গেছে, নিহতরা সবাই দরিদ্র পরিবারের গার্মেন্টস শ্রমিক ছিলেন। ঈদের ছুটি শেষে গত শুক্রবার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারা।

পথেমধ্যে তাদের বহনকারী বাসটির তেল শেষ হয়ে গেলে সন্ধ্যার দিকে তারা সড়কের পাশে নেমে পড়েন। পরে অসতর্কভাবে রেললাইনের ওপর বসে কথা বলার সময় হঠাৎ দ্রুতগামী ট্রেন এসে পড়লে সরে যাওয়ার আগেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।

 

এ ঘটনায় স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। প্রিয়জন হারানোর শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছে পুরো গ্রাম।