উত্তরবঙ্গের ১৪ জোড়া ট্রেন চলাচলে বিলম্ব, ভোগান্তিতে যাত্রীরা

৩১

পবিত্র ঈদুল ফিতরের এক সপ্তাহ পার হলেও রেলপথে স্বাভাবিক সূচি ফেরেনি। মহাসড়কের যানজটের মতো ট্রেন চলাচলেও দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়।

রংপুর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেসসহ উত্তরবঙ্গের লালমনিরহাট ডিভিশনের ১৪ জোড়া আন্তঃনগর ট্রেন নির্ধারিত সময়ের অনেক পরে ছাড়ছে ও গন্তব্যে পৌঁছাচ্ছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, এসব ট্রেন আধা ঘণ্টা থেকে দুই ঘণ্টা পর্যন্ত দেরিতে চলাচল করছে। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন।

বিশেষ করে যারা ডিজিটাল তথ্যসেবা ব্যবহার করতে পারেন না, তারা ট্রেনের সঠিক সময় জানতে না পেরে স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন।

লালমনিরহাট ডিভিশন থেকে মোট ১৪টি আন্তঃনগর ট্রেন ঢাকা ও দেশের বিভিন্ন রুটে চলাচল করে। এর মধ্যে রয়েছে রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, দোলনচাঁপা এক্সপ্রেস, করতোয়া এক্সপ্রেস, বাংলাবান্ধা এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেসসহ অন্যান্য ট্রেন।

প্রতিদিন এসব ট্রেনে প্রায় ৭ থেকে ৮ হাজার যাত্রী যাতায়াত করেন।

শুক্রবার দেখা যায়, রংপুর থেকে রংপুর এক্সপ্রেস রাত সাড়ে ৮টায় ছাড়ার কথা থাকলেও প্রায় আড়াই ঘণ্টা দেরিতে ছেড়ে যায়। কুড়িগ্রাম এক্সপ্রেস সকালবেলা প্রায় এক ঘণ্টা দেরিতে ছেড়েছে।

লালমনি এক্সপ্রেসও প্রায় এক ঘণ্টা বিলম্বে যাত্রা শুরু করে। একইভাবে অন্যান্য ট্রেনও নির্ধারিত সময়ের পরে ছেড়ে যাচ্ছে।

রেল সংশ্লিষ্টদের মতে, ঢাকার দিক থেকে ট্রেন দেরিতে ছাড়ায় পুরো রুটেই শিডিউল বিঘ্নিত হচ্ছে। এছাড়া ধীরগতি, রেলক্রসিং এবং ঈদের পরও যাত্রীর অতিরিক্ত চাপ এর অন্যতম কারণ।

ফলে অনেক যাত্রী নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না এবং জরুরি কাজেও ব্যাঘাত ঘটছে।

রংপুর এক্সপ্রেসের যাত্রী শামিম বলেন, বোনারপাড়া যাওয়ার জন্য রাত ৮টার দিকে স্টেশনে এসেছিলাম। কিন্তু ট্রেন আসে রাত ১০টারও পরে। আগে থেকে দেরির তথ্য জানা থাকলে এতক্ষণ অপেক্ষা করতে হতো না।

যাত্রীদের অভিযোগ, স্টেশনগুলোতে ট্রেনের আগমন ও প্রস্থানের সঠিক তথ্য প্রদর্শনের পর্যাপ্ত ব্যবস্থা নেই। ফলে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন।

রংপুর রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট আল মামুন বলেন, শিডিউল বিপর্যয়ের বড় ধরনের আশঙ্কা নেই। তবে রংপুর এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন কিছুটা দেরিতে চলাচল করছে।

তিনি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন।