সাংবাদিক তুহিন হত্যা: ইউনাইটেড মিডিয়া ফোরামের শোক-নিন্দা, শাস্তির দাবি

Mostafa kamal toha
১০০

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় গভীর শোক, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড মিডিয়া ফোরাম (ইউএমএফ)। একই সঙ্গে শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে এই মিডিয়া সংগঠনটি।

 

গত বৃহস্পতিবার (০৭ আগস্ট) রাতের এই মর্মান্তিক ঘটনার বিষয়ে ইউএমএফ-এর আহ্বায়ক আনজাম খালেক ও সদস্য সচিব মোস্তফা কামাল এক যৌথ বিবৃতিতে জানান, সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী এক যুবককে কোপানোর ভিডিও ধারণ করায় সন্ত্রাসীরা সাংবাদিক তুহিনকে নির্মমভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে।

নেতারা বলেন, “এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং আইনশৃঙ্খলার চরম অবনতির প্রমাণ। সন্ত্রাসীদের নিয়ন্ত্রণহীনতা ও দাপটের ন্যাক্কারজনক উদাহরণ। চব্বিশ-পরবর্তী নতুন বাংলাদেশে এমন বর্বরোচিত ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ”

বিবৃতিতে তারা আরও বলেন, স্বাধীন ও মুক্ত সাংবাদিকতা রক্ষায় এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসী ও খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি, দেশজুড়ে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা, যাতে নিহত সাংবাদিক তুহিনের আত্মা ন্যায়বিচার পায়।

 

বিবৃতির শেষে ইউএমএফ নেতারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ন্যায়বিচারের লড়াইয়ে সর্বাত্মকভাবে পাশে থাকার অঙ্গীকার করেন।

মিডিয়া সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাবিউল আজিজের পাঠানো এক নিন্দা ও প্রতিবাদ লিপিতে এসব তথ্য জানানো হয়।