আবারও বিপৎসীমার ওপরে তিস্তার পানি

2508030827
৫৪

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বর্ষণে তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমা অতিক্রম করেছে। এতে নদীপাড়ের মানুষদের মধ্যে নতুন করে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে।

রবিবার (৩ আগস্ট) দুপুর ১২টা থেকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, রবিবার সকাল ৬টায় তিস্তার পানি ছিল বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচে। সকাল ৯টার দিকে তা বিপৎসীমায় পৌঁছে যায় এবং দুপুর নাগাদ ৫ সেন্টিমিটার ওপরে উঠে যায়।

এর আগে ২৯ জুলাই একই মাত্রায় পানি বৃদ্ধি পাওয়ায় ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছিল।

নদীর তীরবর্তী নিচু এলাকার ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। অনেকের বাড়ির উঠোনেও পানি উঠেছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেছেন, “তিস্তা নদীতে পানি কিছুটা বেড়েছে। তবে, এখনো বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”