প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার এমনটা ভাবা যাবে না: রিজওয়ানা হাসান

A9e2b8a85e6969bb6e33c33bed6e6b24
৬৩

প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘দুঃসময়ের কণ্ঠস্বর: স্বপ্ন ও বাস্তবতা’ শীর্ষক সংলাপে তিনি এই মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, ‘সমাজের প্রতিটি জায়গায় ফ্যাসিবাদের দোসররা রয়েছে। ফলে রাতারাতি (ওভার নাইট) সব কিছু চেঞ্জ করা সম্ভব নয়। অনেক দিন ধরে দলীয় শাসন ও ফ্যাসিজমে থাকতে থাকতে অনেক বিষয়কে আমরা সাধারণ হিসেবে ধরে নিয়েছি।’

‘আমরা এমন একটা সমাজব্যবস্থা চাই, যেখানে সময়মতো বিচার হবে। আমরা যতটা সমালোচনা করার করি, গঠনমূলক সমালোচনা করি, ফোকাসটা যেন নষ্ট না হয়,’ যোগ করেন সৈয়দা রিজওয়ানা।

আয়নাঘর হয়তো আর কোনোদিন দেখতে হবে না বলেও আশা ব্যক্ত করেন তিনি।

সপ্নগুলোকে ধারণ করে সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘সংস্কার প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নেই। তারপর আমরা কী করবো, কী করা উচিত, কেমন করে রাজনৈতিক ঐক্যমত করতে হবে। এগুলো নিয়ে অনেক বড় পরিসরে কাজ আমাদের করতে হবে, সকলকে মিলেই করতে হবে।’

ক্ষমতার ক্ষেত্রে জবাবদিহিতা না থাকলে স্বপ্নটা অধরাই থেকে যাবে বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, ‘ফ্যাসিবাদের দোসররা সবখানেই আছে, সেসব জায়গা থেকেই পালটা আক্রমণ হবে। কাজেই আমরা যেন এক থাকি।’