বিআরটিএতে বদলি নিয়ম মেনে, তদবির চলবে না : সেতুমন্ত্রী

১৮৪

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কোনো কর্মকর্তার জরুরি বদলির প্রয়োজন হলে নিয়ম মেনে তা করা হবে, এ নিয়ে কোনো রাজনৈতিক তদবির কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে মন্ত্রী এ কথা বলেন। সভায় বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, সড়কে শৃঙ্খলা না এলে যতই উন্নয়ন হোক, কোনো লাভ হবে না। তাই যেকোনো মূল্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। বিআরটিএ থেকে যেকোনো মূল্যে দালালের দৌরাত্ম্য দূর করার নির্দেশ দেন তিনি।

চার মাসের মধ্যে অপেক্ষমাণ গ্রাহকদের লাইসেন্স দেওয়া শেষ করতে বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী।