বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) এবার বড় দৈর্ঘ্যের ক্রিকেটের পাশাপাশি ওয়ানডেও আয়োজন করা হচ্ছে। চার দলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই প্রতিযোগিতার চারদিনের ম্যাচের ফাইনাল শুরু হবে ২ জানুয়ারি থেকে। ৯ জানুয়ারি থেকে হবে ওয়ানডে।

সীমিত পরিসরের এই আসর দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান। নিজ থেকে বিসিএলে খেলার আগ্রহ দেখিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার। খেলবেন ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে। দুই পক্ষের এরই মধ্যে কথা পাকাপাকি হয়েছে।

নির্বাচক হাবিবুল বাশার সুমন এ খবর নিশ্চিত করেছেন, ‘সাকিব বিসিএল খেলার আগ্রহ দেখিয়েছে। সামনে বড় একটি টুর্নামেন্ট। এর আগে নিজেকে মাঠে ফেরানোর চেষ্টাতেই বিসিএল খেলবে।’

সিঙ্গেল লিগ পদ্ধতিতে হওয়া টুর্নামেন্টের ম্যাচগুলো হবে সিলেটে। ৯, ১১, ১৩ জানুয়ারি সিলেটের দুই মাঠে ম্যাচগুলো হবে। ১৫ জানুয়ারি হবে ফাইনাল। তবে ফাইনালের ভেন্যু এখনো ঠিক হয়নি। প্রতিটি ম্যাচ দিনে শুরু হয়ে দিনেই শেষ হবে।

তবে সাকিবকে শুরু থেকে পাওয়া যাবে কি না তা এখনো নিশ্চিত নয় ওয়ালটন সেন্ট্রাল। সাকিবকে দলে পাওয়া প্রসঙ্গে দলটির ম্যানেজার মিলটন আহমেদ বলেছেন, ‘আমাদের সঙ্গে সাকিবের যোগাযোগ হয়েছে। তিনি খেলতে আগ্রহী। আমরাও তাকে স্বাগত জানিয়েছি। তবে শুরুর ম্যাচে তাকে পাওয়া যাবে কি না নিশ্চিত নই।’

বিসিএলের দুইবারের চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রালের হয়ে কখনো খেলা হয়নি সাকিবের। জোনভিত্তিক এ প্রতিযোগিতায় এর আগে দলটির জার্সিতে নিয়মিত দেখা গেছে মাহমুদউল্লাহ রিয়াদকে।

প্রসঙ্গত, অতি জরুরি পারিবারিক কারণে বাংলাদেশের নিউ জিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছিলেন সাকিব। সাদা বলের ক্রিকেটে তিনি সর্বশেষ খেলেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। হ্যামস্ট্রিংয়ের চোটে বিশ্বকাপে বাংলাদেশের শেষ দুই ম্যাচ থেকে ছিটকে যান, এরপর তাকে পাওয়া যায়নি পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও প্রথম টেস্টে। দ্বিতীয় টেস্টে খেলেছিলেন সাকিব।

বিসিএলে সাকিব ফেরায় বেশ উত্তেজনা ছড়াবে বলার অপেক্ষা রাখে না। তামিম, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমানও এই প্রতিযোগিতায় অংশ নেবেন।