গোপালগঞ্জে বাসচাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. রাসেল মিয়া।
ঘটনাস্থলেই দুইজন নিহত
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।
বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন
সার্জেন্ট মো. রাসেল মিয়া জানান, হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন। তারা মাদারীপুর থেকে কাশিয়ানীর মাঝিগাতী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
আহতদের চিকিৎসা
দুর্ঘটনায় আহত তিনজনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।