লেখক, গবেষক ও মার্ক্সবাদী তাত্ত্বিক ও গণমানুষের মুক্তি আন্দোলনের অক্লান্ত সৈনিক বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।
রোববার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে শিক্ষা উপদেষ্টা শোক প্রকাশ করেন।
শোক প্রকাশ করে তিনি বলেন, ‘আমাদের ভাষা আন্দোলনসহ এই দেশের সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধ্যায়ের বস্তুনিষ্ঠ ইতিহাস রচনায় বদরুদ্দীন উমরের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক দ্বন্দ্বসমূহের যথার্থ উপলব্ধির ক্ষেত্রে তার চিন্তা ও রচনাসমূহ আমাদের জন্য পাথেয় স্বরূপ।’
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেন, ‘বদরুদ্দীন উমর শুধু তাত্ত্বিক আলোচনাতেই তার কর্ম সীমাবদ্ধ রাখেননি, মানুষের মুক্তি-সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণও করেছিলেন।
জীবনের কোনো সুবিধাবাদী প্ররোচনা, প্রলোভন তাকে তার আদর্শ থেকে বিচলিত বা লক্ষ্যভ্রষ্ট করতে পারেনি উল্লেখ করে তিনি আরও বলেন, বিগত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তার নির্ভীক ও আপসহীন ভূমিকার কথাও এই প্রসঙ্গে কৃতজ্ঞতার সঙ্গে এই দেশ ও জাতি স্মরণ করবে। তার জীবন, চিন্তা ও কর্ম ছিল মানুষের মুক্তিসংগ্রামের জন্য নিবেদিত। বদরুদ্দিন উমরের প্রয়াণে জাতি এক প্রজ্ঞাবান ও দূরদৃষ্টিসম্পন্ন মনীষীকে হারাল।
এই মহান চিন্তক ও নিরলস সংগ্রামীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সি আর আবরার আরও বলেন, আমি তার শোকসন্তপ্ত পবিবার ও তার সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানাই। আমি গভীরভাবে বিশ্বাস করি, বদরুদ্দীন উমর সব সময় আমাদের সব ন্যায্য ও সংগ্রামের অনুপ্রেরণা হয়ে থাকবেন।