বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট হবে আর ঘণ্টা দুয়েক পর। এর আগেই দলগুলো একজন স্থানীয় খেলোয়াড়কে সরাসরি নিতে পারবে। আর বিদেশি খেলোয়াড় নিতে পারবে তিন জন।

এই সুযোগ গ্রহণ করে ছয়টি দলই তাদের স্থানীয় খেলোয়াড়কে সরাসরি চুক্তিতে নিয়ে নিয়েছে। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহর সঙ্গে ‘এ’ ক্যাটাগরিতে ঢাকা চুক্তি করেছে। বরিশালে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। খুলনা নিয়েছে মুশফিকুর রহিমকে। দুজনকেই ‘এ’ ক্যাটাগরিতে চুক্তি করা হয়েছে।

চট্টগ্রামে নাসুম আহমেদ খেলবেন ‘বি’ ক্যাটাগরিতে। কুমিল্লা ‘এ’ ক্যাটাগরিতে সরাসরি চুক্তি করেছে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের সঙ্গে। তাসকিন আহমেদকে ‘এ’ ক্যাটাগরিতে চুক্তি করেছে সিলেট।

এদিকে খুলনা ও সিলেট ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে তিন বিদেশি নেওয়ার কোটা পূরণ খরেছে। খুলনায় খেলবেন থিসারা পেরেরা, নাভিনুল হক, ভানুকা রাজাপাকসা। সিলেটে দিনেশ চান্ডিমাল, কেসরিক উইলিয়ামস ও কলিন আলেক্সান্ডার চুক্তি করেছেন। বরিশাল দুজন বিদেশি নিয়েছে- মুজিব উর রহমান ও দানুশকা গুনাথিলাকাকে। চট্টগ্রামের দুই বিদেশি বেনি হাওয়েল ও কেনার লুইস। কুমিল্লা ও ঢাকা সরাসরি চুক্তিতে কোনো বিদেশি খেলোয়াড় এখন পর্যন্ত নেয়নি।

প্রতিটি দলকে কমপক্ষে ১০ জন স্থানীয় খেলোয়াড় নিতে হবে। সর্বোচ্চ নেওয়া যাবে ১৪ জন। এগুলো সরাসরি চুক্তির বাইরে, ড্রাফট থেকে নিতে হবে। দলে সর্বনিম্ন ৩ জন এবং সর্বোচ্চ ৮ জন বিদেশি খেলোয়াড় নেওয়া যাবে।