সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়ে জানিয়েছেন, শেখ হাসিনার শাসনামলে রাজনৈতিক বিরোধী ও আন্দোলনকারীদের গুম, ক্রসফায়ার ও গোপন বন্দিশালায় আটকের মতো গুরুতর নির্দেশনা সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই আসত। কিছু নির্দেশনা আসত সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর মাধ্যমে।
গতকাল মঙ্গলবার বিচারপতি মো: গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ মামলায় তিনি ‘রাজসাক্ষী’ হিসেবে এ জবানবন্দি দেন। মামলাটি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে চলছে।
ছাত্র সমন্বয়কদের আটক
চৌধুরী মামুন সাক্ষ্যে জানান, ২০২৪ সালের জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, তখন ছাত্র সমন্বয়কদের তুলে আনার নির্দেশ দেন শেখ হাসিনা। এ নির্দেশ বাস্তবায়ন করেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। আটক সমন্বয়কদের মানসিক নির্যাতনের মাধ্যমে আন্দোলন প্রত্যাহার ও টেলিভিশনে বিবৃতি দিতে বাধ্য করা হয়।
কোর কমিটির বৈঠক
তিনি বলেন, আন্দোলন দমন নিয়ে প্রতিদিন রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় ‘কোর কমিটির বৈঠক’ বসত। এসব বৈঠকে স্বরাষ্ট্র সচিব, এনটিএমসি প্রধান, ডিএমপি কমিশনার, র্যাবের ডিজি, বিজিবি, আনসার ও গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত থাকতেন। সেখানে আটক, দমন, ক্রসফায়ারসহ নানা পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত হতো।
র্যাবের গোপন বন্দিশালা
সাবেক আইজিপি বলেন, র্যাবের সদর দফতরের অধীনে টিএফআই সেল এবং প্রতিটি ইউনিটে আলাদা বন্দিশালা ছিল। রাজনৈতিক বিরোধী বা সরকারের সমালোচকদের তুলে এনে সেখানে আটকে রাখা হতো। বিষয়টি র্যাবের ভেতরে একধরনের ‘কালচার’ হয়ে দাঁড়িয়েছিল।
পুলিশে প্রভাব-দ্বন্দ্ব
তিনি আরও জানান, পুলিশের ভেতরে গোপালগঞ্জ কেন্দ্রিক প্রভাবশালী কর্মকর্তারা নিজেদের মতো করে কাজ করতেন এবং রাজনৈতিক যোগাযোগের কারণে আইজিপির নির্দেশও অমান্য করতেন। অনেক গুরুত্বপূর্ণ পদে গোপালগঞ্জ জেলার অফিসারদের প্রাধান্য ছিল।
২০১৮ সালের নির্বাচন প্রসঙ্গ
চৌধুরী মামুন বলেন, তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারী রাতের বেলা ব্যালট বাক্সে আগাম ভোট রাখার পরামর্শ দেন শেখ হাসিনাকে। পরে মাঠপর্যায়ে প্রশাসন ও পুলিশের মাধ্যমে রাতেই ভোট দেওয়ার নির্দেশনা পৌঁছে যায়। এর মাধ্যমে নির্বাচনের ফল নির্ধারণ করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।