স্টাফ রিপোর্টার:ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ও ব্রুনাইয়ের সুলতান হাসসান আল-বলকিয়াহর জন্য আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদেরকে ১ হাজার কেজি করে আম উপহার হিসেবে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।

ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ১ হাজার কেজি আম রাষ্ট্রপতির মারদেকা প্রেসিডেন্সিয়াল প্যালেসে গত সপ্তাহে হস্তান্তর করা হয়।

রাষ্ট্রপতি সচিবালয়ের প্রেসিডেন্সিয়াল প্যালেস প্রোটোকল অফিসার, রাষ্ট্রপতির ব্যক্তিগত কর্মকর্তা, ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল অফিসার এই উপহার গ্রহণ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে ব্রুনাইর সুলতানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কেজি হাঁড়িভাঙা আম পাঠিয়েছেন শেখ হাসিনা। উপহারের এই আমগুলো গতকাল শনিবার ব্রুনাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে হস্তান্তর করে বাংলাদেশ হাইকমিশন। আমগুলো সরাসরি ব্রুনাইয়ের সুলতানের প্রাসাদ ইস্তানা নুরুল ইমানে নিয়ে যাওয়া হয়।

এর আগে উপহার হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকেও আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।