নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমানের চলমান পরীক্ষার আওতায় স্থগিত হওয়া ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষাগুলো একই দিনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে সেই তারিখ এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন শিক্ষাবিষয়ক উপদেষ্টা সি আর আবরার

আজ (বুধবার) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “২২ জুলাইয়ের স্থগিত পরীক্ষা নেওয়া হবে সকালে, আর ২৪ জুলাইয়ের পরীক্ষা নেওয়া হবে একই দিনের বিকেলে। তারিখ নির্ধারিত হলে তা শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।”

মাইলস্টোন বিমান দুর্ঘটনায় স্থগিত হয় পরীক্ষাসমূহ

উল্লেখ্য, গত ২২ জুলাই সোমবার ভোররাতে, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে শিক্ষার্থীসহ বেশ কয়েকজন হতাহত হন। ঘটনার পরিপ্রেক্ষিতে সেই দিনের এইচএসসি পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে রাত ৩টায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। আকস্মিক এ সিদ্ধান্তের কারণে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও বিভ্রান্তি তৈরি হয়।

পরদিন ২৩ জুলাই মঙ্গলবার দিনভর সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে। এই উত্তেজনার মধ্যেই ২৪ জুলাইয়ের পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়।

‘সরকার চাইলে আমি সরে যাব’: উপদেষ্টা

একজন সাংবাদিক উপদেষ্টার কাছে জানতে চান, শিক্ষা সচিবকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে—এমন প্রেক্ষাপটে তিনি নিজে কী করবেন?

উত্তরে সি আর আবরার বলেন,

“সরকার যদি মনে করে, আমার কাজে ব্যত্যয় ঘটেছে, তাহলে আমাকে যেতে বললে আমি চলে যাব। তবে আমার নিজে থেকে পদত্যাগের কোনো ইচ্ছা নেই। কারণ আমি মনে করি না যে, আমার কাজের মধ্যে কোনো ব্যত্যয় ঘটেছে।”