২১ জুলাই ২০২৫, ঢাকাঃ উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি) এর সভাপতি চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী। এক বার্তায় তিনি জানান, ”আমাদের জাতীয় জীবনে একটি গভীর শোক ও বেদনাদায়ক দিন। ‘মাইলস্টোন ট্র্যাজেডি’-তে দেশের অসংখ্য প্রাণহানি ও ক্ষতির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত, মর্মাহত ও স্তব্ধ। এই ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
এই দেশ সম্ভাবনার দেশ, অসীম সম্ভাবনার। কিন্তু জাতি হিসেবে আমরা যেন বারবার দুর্ভাগ্যের ঘূর্ণিতে পতিত হচ্ছি। এ দুর্ভাগ্য কোনো স্বাভাবিক ঘটনা নয়। এর পেছনে ষড়যন্ত্র রয়েছে, রয়েছে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। এখন সময় এসেছে সব ধরণের ষড়যন্ত্র ও বিভ্রান্তিমূলক প্রচারণার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।
সরকার এবং রাজনৈতিক দলগুলোর উচিত, জনগণের মনের ভাষা বোঝা, তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো। নীতিনিষ্ঠ ও মানবিক নেতৃত্বের মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানো। গণতন্ত্র, সুশাসন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সম্মিলিতভাবে কাজ করাই এখন সময়ের দাবি।
আমরা সবাইকে নেতিবাচকতা ও হানাহানির চক্র থেকে বেরিয়ে এসে দায়িত্বশীলতা, সহানুভূতি ও দূরদর্শিতার মাধ্যমে একটি উন্নত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের কাজে আত্মনিয়োগ করতে হবে।
সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা, তিনি যেন আমাদের অপরাধ ও গাফিলতিগুলো ক্ষমা করে দেন। আমাদের ওপর তাঁর রহমত বর্ষণ করুন। আমাদের দেশ, জনগণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে সকল বিপদ-আপদ, ষড়যন্ত্র ও দুর্যোগ থেকে হেফাজত করুন”।
চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী
সভাপতি
অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি)