রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় লক্ষ্মীপুর ও নোয়াখালীতে পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। পরে তিনি উত্তর স্টেশন চত্ত্বর থেকে তার ছবি সংবলিত পদযাত্রা কর্মসূচির পেস্টুন খুলে ফেলেন।
সংবাদ সম্মেলনে মাহবুব আলম জানান, আগামী ৩১ জুলাই এনসিপির পদযাত্রা শেষে আগস্টের প্রথম সপ্তাহে নোয়াখালী ও লক্ষ্মীপুরের কর্মসূচি পালন করা হবে। তাছাড়া উত্তরা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় এনসিপির পক্ষ থেকে মেডিকেল টিমসহ বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে। এ সময় সরকারের পক্ষ থেকে আহতদের সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিতি ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন, এনসিপি নেতা আব্দুল হামিদ, মো. জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন প্রমুখ।