ঢাকা, ১৮ জুলাই ২০২৫: “বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস” উপলক্ষে সোসাইটি অব বাংলাদেশি ফার্মাসিস্টস (SBP)-এর উদ্যোগে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিল আজ ঢাকার ধানমন্ডির স্টার কাবাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১৯৭৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ও বিপ্লবী আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণ করা হয়।
দুপুর ২টা থেকে শুরু হওয়া এই আয়োজনে সভাপতিত্ব করেন SBP-এর সদস্য সচিব মোঃ ফুয়াদ, আর অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ড. শাহ আমরান, যিনি ফার্মেসি পেশার অগ্রগামী ব্যক্তিত্ব হিসেবে সমাদৃত। তিনি তার বক্তব্যে জুলাই আন্দোলনের তাৎপর্য ও SBP-এর ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি ছিলেন কর্পোরেট জগতের অভিজ্ঞ প্রতিনিধি ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের পরিচালক মো. নাসরুল্লাহ। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং হাসপাতাল ও ক্লিনিক্যাল ফার্মেসির উন্নয়নে ফার্মাসিস্টদের ভূমিকাকে গুরুত্ব দেন।
“জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ” পর্বে SBP-এর যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন ও মোঃ মুমতাহান মাহমুদ আন্দোলনের অভিজ্ঞতা ও আত্মত্যাগের স্মৃতি শেয়ার করেন, যা উপস্থিত সকলকে আবেগতাড়িত করে।
SBP-এর ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রিপন। তিনি সংগঠনের কাঠামো, কর্মসূচি ও লক্ষ্য নিয়ে বিস্তারিত বক্তব্য দেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত ও ফার্মাসিস্ট সমাজের ঐক্য কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আমন্ত্রিত ইমাম সাহেব।
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন SBP-এর আহ্বায়ক মোঃ জাকারিয়া হোসেইন উজ্জ্বল। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম লাবু, দ্বীপ কর, মোঃ রাকিবুল ইসলাম, রেজাউল ইসলাম উৎসব, মোঃ মামুনুর রশীদ মুন্না, নিয়াজ ইকবাল সুজাত, মোঃ মনিরুজ্জামান, মোঃ মুস্তাফিজুর রহমান, মাহাদি আলম প্রমুখ।
কার্যনির্বাহী সদস্যদের মধ্যে ছিলেন মোঃ হাসিবুর রহমান, শরিফ আহমেদ, আবু কাউসার, মোঃ মাশরুর মেরাজ ভূঁইয়া, ইয়াসির আরাফাত, শাহাদাত হোসেন, আবুল বাশার তমাল, রাফাত তাহসিন, লিমন হোসেন, জিফাত হোসেন, আনিক সরকার, রিয়াজ আহমেদ, আবির আহমেদ শিমুল সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী ও এলামনাই সদস্যরা।
আয়োজকরা জানান, এই অনুষ্ঠান ফার্মাসিস্ট সমাজে ঐক্য, আত্মপরিচয় ও পেশাগত দায়িত্ববোধ জাগিয়ে তুলবে এবং SBP-এর ভবিষ্যৎ পথচলায় এক নতুন দিক নির্দেশনা হয়ে থাকবে।